দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, শিক্ষাই সবার সম্বল এবং প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা সবচেয়ে প্রিয় বিষয়।
সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ও ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, মাদরাসা শিক্ষকদের মে-জুন মাসের বেতন এখনো পরিশোধ হয়নি। ২০১৭ সালে শুরু হওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রজেক্টের ব্যয় বেড়ে ৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অন্তর্বর্তী সরকার ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের ব্যবস্থা করেনি। প্রতি মাসে ৫০০ কোটি টাকার বেশি প্রয়োজন হয়। সরকারের কাছে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে জুলাই মাসে সবার বেতন পরিশোধ করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মাদরাসা শিক্ষাকেও আধুনিকায়ন করা হবে। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা, পায়রা উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এমএম//